শিকারপুর-উজিরপুর প্রধান সড়ক মেরামতে দুর্নীতি!

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ০২:৪০
উজিরপুরের সড়ক ও জনপথ বিভাগের শিকারপুর-উজিরপুর প্রধান সড়কের রাস্তা মেরামতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিকারপুর ফেরিঘাট থেকে উজিরপুর ডাকবাংলো পর্যন্ত প্রায় সাত কি.মি রাস্তাটি মেরামতের জন্য টেন্ডারের মাধ্যমে চার কোটি চার লাখ টাকার কাজটি এম খান কনস্ট্রাকশন নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাহফুজুর রহমান খান পান। কাজটি ছয় মাস কার্যদিবসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। কিন্তু প্রায় এক বছর অতিবাহিত হলেও তেমন অগ্রগতি নেই। কোন রকম ঢিলেঢালাভাবে নিম্নমানের মালামাল সামগ্রী দিয়ে কাজটি করার অভিযোগ রয়েছে এলাকাবাসীর। চলতি বছরের গত ২৯ জানুয়ারি কার্যাদেশের মাধ্যমে কাজটি শুরু থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। এমনকি মাটি কেটে রাস্তার পাশে এমনভাবে রাখা হয়েছে বর্ষার সময় মুষলধারে বৃষ্টির কারণে উপরের সকল মাটি আবার ওই গর্তে ভরাট হয়ে যায়। ওই সময় সমস্ত রাস্তায় যানজট দেখা দেয়। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ওই মাটি না উঠিয়ে নিম্নমানের খোয়া ও বালু দিয়ে কোনো রকমে রাস্তার পাশ ভরাট কাজ শুরু করলে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সাধারণ লোকজন এর তীব্র বিরোধিতা করেও সুফল পায়নি।
 
সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ এবং স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল খালেক এবং ঠিকাদার মাহফুজুর রহমান খানকে একাধিকবার বলা সত্ত্বেও কাজের মানের কোনো অগ্রগতি হচ্ছে না। ঠিকাদার মাহফুজুর রহমানের নম্বরে বার বার ফোন করা হলে রিসিভ করেননি।
 
সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খালেক জানান, দুর্নীতি ও অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএন