নেত্রকোনায় লরি চাপায় জেএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৫:১৬
নেত্রকোনা সদর উপজেলার চন্দ্রবতিখিলা নামক স্থানে আজ বৃহস্পতিবার সকালে লরি চাপায় সুমা আক্তার (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের আ. রশিদের মেয়ে। 
 
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে সুমা তার চাচার সঙ্গে মোটরসাইকেলে করে জেএসসি পরীক্ষা দিতে চল্লিশা যাচ্ছিল। উপজেলার চন্দ্রবতিখিলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। এসময় সুমা লরির নিচে চাপা পড়ে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কেউ আটক হয়নি। 
 
অন্যদিকে, নেত্রকোনায় পৃথক পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার পুখুরিয়া গ্রামের সাধন দাস (৬৫) ও আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের গৃহবধূ আলিমুল নেছা উপমা (১৯)। বুধবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, সদর উপজেলার পুখুরিয়া গ্রামের আব্দুল হামিদের বাড়িতে বুধবার সন্ধ্যায় ড্রেজার মেশিন দিয়ে কাজ করছিল। এসময় সাধন দাস রাস্তা দিয়ে হেঁটে যাওযার সময় আমগাছ উপরে গিয়ে তাঁর উপর পড়লে গুরুতর আহত হন। পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রাম থেকে গৃহবধূ আলিমুল নেছা উপমার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে আটপাড়া থানায় একটি অপমৃতর মামলা দায়ের করা হয়েছে। 
 
 
ইত্তেফাক/এমআই