বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় ৪ নেতার মাজারে যুবলীগের শ্রদ্ধা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৫:৪১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং জাতীয় চার নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। 
 
জেলহত্যা দিবসে আজ ৩ নভেম্বর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন ও বনানীর কবরস্থানে যান নেতাকর্মীরা। এ সময় যুবলীগের নেতাকর্মীরা ফুল দিয়ে বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
 
উল্লেখ্য, আজ ৩রা নভেম্বর। ভয়াল-বীভৎস ও শোকাবহ জেলহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে রক্তঝরা, বেদনাবিধুর ও কলঙ্কের কালিমায় কলুষিত বিভীষিকাময় এই দিনটি। 
 
১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।
 
 
ইত্তেফাক/এমআই