যশোরের অভয়নগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আকরাম আলী মোল্লা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্যসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এমএম আমিনউদ্দিন, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার, নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, ছাত্রদলের অভয়নগর উপজেলা সভাপতি মোল্লা হাবিবুর রহমান হাবিব, অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিএনপি নেতা নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া পৌর যুবদল নেতা সৈয়দ আলী মিস্ত্রি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জিএম বাচ্চু এবং যুবদল কর্মী ইউশা মোল্লা।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ আগস্ট রাত ১০টার দিকে বোমা হামলায় নিহত হন অভয়নগর উপজেলার তৎকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকরাম আলী মোল্লা।
হত্যাকাণ্ডের ঘটনায় ডা. আকরামের ভাই ডা. এম আশরাফ আলী মোল্লা ১৪ জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে ২ জন ক্রসফায়ারে নিহত হয়। ২০০৮ সালের ১৫ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
ইত্তেফাক/ইউবি
