মান্দায় পাটের গুদাম আগুন, ৩শ’ মণ পাট পুড়ে ছাই, আহত ৩

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ০০:১১
নওগাঁর মান্দায় নুরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজারে এক পাটের গুদামে আগুন লেগে প্রায় ৩শ’মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার পাটসহ ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন গুদামের মালিক আলহাজ্জ আহসান আলী। আগুন নিভাতে গিয়ে স্থানীয় তিন ব্যক্তি আহত হয়েছে। তবে আহতদের নাম জানা সম্ভব হয়নি।
 
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে নওগাঁ ও নিয়ামতপুরের দমকল বাহিনীর দুটি ইউনিটের কমীরা ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এ সময়ের মধ্যে গুদামে থাকা পাটসহ অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
 
গুদাম মালিক আলহাজ্জ আহসান আলীর ছেলে মোজাহারুল ইসলাম বাদশা জানান, রাত ৯ টার দিকে তাদের পাটের গুদামে আগুন দেখে এলাকাবাসী তাদের খবর দেয়। আগুনে গুদামঘরে থাকা ৪শ’৯৫ মণ পাটের মধ্যে অধিকাংশ পুড়ে গেছে। এছাড়া ঘরের টিনসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে সাড়ে ৫ লাখ টাকার পাটসহ ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।
 
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গুদামে থাকা পাটের মধ্যে ৬০ ভাগ পাট পুড়ে গেছে। এ হিসেবে সাড়ে ৫লাখ টাকার পাট পুড়ে গেছে। এ ছাড়াও ঘরের অন্যান্যে মালামাল পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে স্থানীয় তিন জন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেয়ায় তাদের নাম জানা সম্ভব হয়নি।
 
ওসি আরো জানান, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অন্যকোন ভাবে আগুন লেগেছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এএন