ফেনীর ফাজিলপুরে দুই ভাইকে কুপিয়ে আহত করেছে ইয়াবা ব্যবসায়ীরা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ০০:২৮
ফেনীর ফাজিলপুর বোগদাদিয়ায় ইয়াবা ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। বৃহস্পতিবার বিকেলে ফেনীর ফাজিলপুর বোগদাদিয়ায় পুলিশ ফাঁড়ির কাছে এই হামলার ঘটনা ঘটে।
 
পুলিশ, হাসপাতাল ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বোগদাদিয়ায় প্রবাসী আলাউদ্দিন (৩৫) ও তার ছোট ভাই মিরসরাই বারইয়ারহাট বাজারের কাঠ ব্যবসায়ী শরফুদ্দিন (৩২) এর কাছে স্থানীয় ইয়াবা ব্যবসায়ী ফয়সালের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। তাদের দাবি অনুযায়ী কয়েক দফা চাঁদা দেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তারা আবার মোটা অংকের চাঁদা দাবী করে। কিন্তু এবার ব্যবসায়ী দুই ভাই সন্ত্রাসীদের চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে সন্ত্রাসীরা ক্ষীপ্ত হয়ে প্রবাসী আলাউদ্দিনের ওপর হামলা চালায়। তার ভাই শরফুদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে ও ক্ষুর দিয়ে গলায় আঘাত করলে সেও গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
 
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানায় শরফুদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করে। বোগদাদিয়ায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলা হয়েছে বলে জানান। মামলার আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
 
ফেনী ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের কর্তব্যরত ডাঃ নাজমুল হোসেন জানান, আহত দুই ভাইয়ের মধ্যে শরফুদ্দিনকে গলার কাটা স্থানে ৬টি সেলাই করে বাড়িতে পাঠানো হয়েছে। তার ভাই প্রবাসী আলাউদ্দিনের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের জখম থাকায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এএন