প্রশ্নটিকে 'অবমাননাকর' বললেও কম বলা হবে। ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে পুলিশের 'অস্বস্তিকর' প্রশ্নের সম্মুখীন হলেন এক মহিলা। গণধর্ষণের শিকার মহিলাকে পুলিশের প্রশ্ন, 'চার ধর্ষকদের মধ্যে কে আপনাকে সবচেয়ে বেশি সুখ দিয়েছে'!
সম্প্রতি ঘটনাটি সামনে এসেছে ভারতের কেরেলার বিশিষ্ট শিল্পী ভাগ্যলক্ষ্মীর একটি ফেসবুক পোস্ট থেকে। ওই পোস্টটি চোখে পড়েছে কেরেলার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নেরও। ভাগ্যলক্ষ্মীর উদ্যোগেই ওই মহিলা ও তার স্বামী সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনাটি প্রকাশ্যে এনেছেন।
ওই মহিলা জানিয়েছেন, তার স্বামীর ৪ বন্ধু তাকে গণধর্ষণ করে। অনেকদিন চুপ করে থাকার পর শেষপর্যন্ত তিনি তার স্বামীকে গোটা ঘটনাটি বলেন। এ নিয়ে তারা অভিযোগ জানাতে গেলেই ওই ন্যক্কারজনক প্রশ্ন করে পুলিশ।
অভিযোগ, পুলিশ অভিযোগের ব্যাপারে কথা বলতে গিয়ে একাধিক 'অস্বস্তিকর' প্রশ্ন করে। জিজ্ঞাসা করে, 'ধর্ষকদের মধ্যে কে আপনাকে বেশি সুখ দিতে পেরেছিল'। যেখানে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল সেখানেও নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে।
সাংবাদিক সম্মেলনে ওই মহিলা বলেন, 'ওই চার ধর্ষকের মধ্যে জয়ন্থন নামে স্থানীয় এক সিপিএম কাউন্সিলরও রয়েছে। পুলিশ ও তাদের চাপে শেষপর্যন্ত তিনি অভিযোগ তুলে নিতে বাধ্য হন। কারণ, রোজই তাদের হুমকি দেওয়া হতো, প্রকাশ্যে কিছু বললে তার ছেলেমেয়েদের খুন করে ফেলা হবে। এমনকি মিথ্যে বয়ান দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়।'
অভিযুক্ত সিপিএম কাউন্সিলর জয়ন্থন জানিয়েছেন, ওই মহিলার স্বামীর সঙ্গে আর্থিক বিষয় একটি সমস্যা তৈরি হয়েছিল। তা ঢাকা দিতেই ওই অভিযোগ করা হয়েছে।
ওই মহিলার সঙ্গে খোদ কেরেলার মুখ্যমন্ত্রী কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।
ইত্তেফাক/এএম
