জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ০৮:২৯
 
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মেসির ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
 
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইত্তেফাক’কে জানান, নিহতরা হচ্ছেন- স্বামী হাইবত আলী (৩২) ও স্ত্রী জেসমিন বেগম (২৫) । তাদের বাড়ি ক্ষেতলাল উপজেলার দাশড়া গ্রামে। একই উপজেলার বড়তারা গ্রাম থেকে আত্মীয়ের বাসা থেকে নিজ বাড়ি দাশড়াতে মোটরসাইকেলে ফিরছিলেন তারা। পথিমধ্যে বটতলী বাজারের ক্ষেতলাল সড়কে নর্দান কোল্ড ষ্টোরেজ এলাকায় একটি মেসির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 
 
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে এবং জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ময়নাতদন্ত শেষে শনিবার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি মনিরুল ইসলাম।
 
 
ইত্তেফাক/কেকে