পূর্ব শত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রলীগ কর্মীকে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রলীগ কর্মী তাওহিদ আলম পিয়াল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমীরুল আলম মিলনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, পিয়াল শুক্রবার রাতে স্টেশন বাজারের একটি হোটেল থেকে রাতের খাবার খেয়ে বের হচ্ছিলেন। এ সময় ৮-১০ জন এসে পিয়ালকে স্টেশনের প্লাটফর্মের উপর মসজিদের সামনে ডেকে নিয়ে যায়। এরপর পিয়ালকে রড দিয়ে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ওই মারধর-কারীদের মধ্যে দুজনের মুখ চিনতে পেরেছেন পিয়াল, কিন্তু নাম বলতে পারেননি।
পিয়ালের বরাত দিয়ে রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, পিয়ালকে মারার সময় ওই মারধরকারীরা বলছিল, 'কীরে আগে মেরেছিলি মনে নেই?' ধারণা করা হচ্ছে, পিয়ালের সঙ্গে কারো দ্বন্দ্ব ছিল।' ওই মারধর-কারীরা স্থানীয় ভাষায় কথা বলছিল বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।
ইত্তেফাক/আরএ
