গর্ভাবস্থায় ধূমপানে শিশুর অ্যাজমা হতে পারে

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১০:০৫
 
আজকাল পুরুষের পাশাপাশি মহিলারাও ধূমপান করতে অভ্যস্ত। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ এক গবেষণায় দেখেছেন যে সমস্ত গর্ভবতী মহিলারা ধূমপান করেন তাদের সন্তানদের স্বাভাবিকের চেয়ে অ্যাজমা বা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হবার ঝুঁকি শতকরা ৫০ ভাগ বেশি।
 
এ ব্যাপারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সানফ্রান্সিসকো সেন্টার ফর টোবাকো রিসার্স এন্ড এডুকেশন এর গবেষক ড. সাম ওহ একটি উদ্বেগজনক তথ্য দিয়েছেন শিশুদের অ্যাজমা নিয়ে। তিনি উল্লেখ করেছেন গর্ভাবস্থায় যেসব শিশুদের মায়েরা ধূমপান করেছেন তাদের সন্তানদের অ্যাজমা সমস্যা জন্মের ১৭ বছর ধরে বিদ্যমান রয়েছে।
 
গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয় অনেক মা সন্তান জন্মদানের পর ধূমপান ছেড়ে দেন। কিন্তু এতে কোনো লাভ হয় না। তাই বিশেষজ্ঞদের অভিমত: যে সমস্ত মহিলারা ধূমপান করেন তাদের সন্তান ধারণের আগ থেকে ধূমপান বর্জন করা উচিত। ধূমপানে শুধু অনাগত সন্তানের অ্যাজমা হবার ঝুঁকি থাকে তাই নয়, ধূমপানের কারণে বিকলাঙ্গ শিশুর জন্ম এবং গর্ভাবস্থায় ভ্রূণ নষ্ট হবার মত দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটতে পারে।