মেহেরপুরের অনুষ্ঠিত হলো নৌকাবাইচ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৪:১০
মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদীতে হয়ে গেলো দুদিনব্যাপী নৌকা বাইচ। শনিবার এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গত শুক্রবার সকালে এই খেলা শুরু করা হয়েছিল।
 
তরুণ প্রজন্মের কাছে এটি পরিচিত করার লক্ষ্যে প্রায় ১০ বছর পর এবার মুজিবনগর উপজেলার গোরিনগর গ্রামের ভৈরব নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার ১২টি নৌকা বাইচে অংশ নেয়।
 
খেলাটি দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমিয়েছিল নদীর দু’পাড়ে। অনেকেই কাজ ফেলে ছুটে আসেন খেলাটি উপভোগ করতে। আর তরুণরা খেলাটির সাথে পরিচিত হতে পেরে খুশি। প্রতি বছর এ ধরনের খেলার আয়োজনের দাবি তাদের।
 
প্রতিযোগিতায় অংশ নেয়া প্রবীণ খেলোয়াড় বুদু বিশ্বাস জানান, আগে নিয়মিত নৌকা বাইচে অংশ নিয়েছেন তারা। কাশার ঘড়া, দেয়াল ঘড়ি, রেডিও, টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কারও জিতেছেন। কালে ভদ্রেও এখন আর নৌকা বাইচের দেখা মেলে না। অনেক বছর পর এ প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি তারা। 
 
তরুন প্রতিযোগী সাজ্জাদ হোসেন জানান, বয়স্কদের সাথে খেলাটি রপ্ত করেছেন তারা। উভয়ে মিলে অংশ নিয়েছেন প্রতিযোগিতায়। খেলাটি টিকিয়ে রাখতে সব ধরনের চেষ্টা করবেন তারা। মেহেরপুর শহর থেকে খেলা দেখতে আসা আব্দুর রশিদ জানান, ১০ থেকে ১২ বছর আগে তারা খেলাটি দেখেছেন। অনেক বছর পর শুনে নৌকা বাইচ দেখতে ছুটে এসেছেন নদীপাড়ে। খেলা দেখে মুগ্ধ তিনি। 
 
তরুণপ্রজন্ম নির্জন জানান, এর আগে টিভিতে খেলা দেখেছেন। আজ বাস্তবে দেখে উচ্ছ্বসিত তারা। প্রতি বছর এ ধরেনের খেলার আয়োজনের দাবি তাদের। 
 
 
ইত্তেফাক/এমআই