নিখোঁজের চারদিন পর ঘিওরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৫:০০
নিখোঁজের চারদিন পর মোখলেসুর রহমান (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীর বগাধর এলাকায়। মোখলেসুর জামালপুর জেলার পলাশঘর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে ঢাকার কাওরান বাজার এলাকার আর্টিসান কোম্পানির অ্যাসিসটেন্ট চার্টাড একাউন্ট ছিলেন।
 
ঘিওর থানার এসআই তৌহিদুল জানান, শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বানিয়াজুরী বগাধর নামক এলাকায় জঙ্গলে ঘেরা একটি মেহগীনি গাছের নিচে অর্ধগলিত একটি পুরুষের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পরিচয়হীন ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিকালে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে মোখলেসুর রহমানের আত্মীয়-স্বজন হাতের ঘড়ি, মোবাইল ও পোশাক দেখে লাশ সনাক্ত করেন। তবে চেহারা বিকৃত ছিল। 
 
নিহত মোখলেসুর রহমানের খালু শশুর জহিরুল ইসলাম জানান, ৩১ অক্টোবর সকালে মোখলেস তার রাজধানীর বাসা থেকে কাওরান বাজার অফিসের উদ্দেশ্যে রওনা হয়। কিন্ত সেদিন মোখলেস অফিসে যায়নি। অফিসে না যাওয়ার কারণে দুপুর একটার দিকে অফিস থেকে তার স্ত্রী আমেনা খাতুন হাসির কাছে ফোন দেয় অফিস কর্তৃপক্ষ। জানতে চায় মোখলেসের অফিসে না আসার কারণ সর্ম্পকে। এ সময় স্ত্রী আমেনা খাতুন জানান তার স্বামী সকালে অফিসে যাওয়ার কথা বলেই বাসা থেকে বের হয়। তারপর ওই দিন সারা রাত আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পাওয়ায় ১ নভেম্বর ঢাকার শেরে বাংলা নগর থানায় মোখলেসুরের শ্যালক এনামুল ইসলাম একটি জিডি করেন।
 
মোখলেসের কোন শক্র আছে কিনা সে বিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, ‘পরিবারের জানা মতে প্রকাশ্যে তার কোন শক্র ছিল না। ভেতরে কোন শক্র আছে কিনা সেটা জানা নেই।’
 
ইত্তেফাক/এএসএমইউ