উত্সবে সমাবর্তন

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৯:০২

 

বিয়ে করার

সুযোগ জীবনে দুই

তিনবারও আসতে পারে,

কিন্তু সমাবর্তন জীবনে

একবারই আসে, তাই

আনন্দ করছি

  আলামিন শিহাব

 

দিনটি ছিল উজ্জ্বল রোদের। মাথার ওপর আগুন-গরম সূর্য। সে সবকে থোরাই কেয়ার করে আনন্দ উত্সবে মেতে উঠেছিলেন নবীন গ্রাজুয়েটরা। ‘এই এই... ক্যাপটা উড়িয়ে দে... উড়িয়ে দে।’ ক্যামেরার লেন্সে চোখ রেখে বন্ধুদের নির্দেশনা দিচ্ছিলেন। বন্ধুরা শুধু ক্যাপ উড়িয়েই ক্ষান্ত হলেন না, নিজেরাও শূন্যে লাফিয়ে উঠলেন খানিকটা। একের পর এক সাটার চাপলেন--ক্লিক...ক্লিক।

‘আজ খুব আনন্দের দিন, তাই না?’ জিজ্ঞেস করি। একগাল হেসে বলেন, ‘বিয়ে করার সুযোগ জীবনে দু-তিনবারও আসতে পারে, কিন্তু সমাবর্তন জীবনে একবারই আসে, তাই আনন্দ করছি।’

ক্যাম্পাসের গাছের ছায়ায় বসে থাকা কানিজ ও মেঘলাকে খানিকটা বিষণ্ন দেখাচ্ছিল। ‘ব্যাপার কী?’ জানতে চাইলে কানিজ বলেন, ‘আমাদের ক্যাম্পাসটা এত সুন্দর, নয়নাভিরাম। এত সবুজেঘেরা প্রাকৃতিক ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। শিগগিরই ঢুকে পড়ব কর্মজীবনে। চাইলেও আর যখন তখন ক্যাম্পাসে আসতে পারব না। মনটা খারাপ লাগছে।’ 

তাই বলে কী ছবি তোলা বন্ধ থাকবে? মোটেও না। কানিজদের বন্ধু বিকাশ, অর্ক, মিনহাজ ও মাহাদী হৈ হৈ করতে করতে ছুটে এলেন বুশরা-আনিকাদের কাছে। সারা ক্যাম্পাস খুঁজে মরছি তোদের! আয়, আয় স্মৃতি ধরে রাখি। এরপর তো এভাবে সবাই একসাথে হওয়া হবে না রে।’

ক্যাম্পাসে গ্রাজুয়েটদের আনন্দ, উল্লাস আর সেলফি তোলার মহাযজ্ঞ চলে সন্ধ্যা অবধি। তারপর ফুরায় আনন্দযজ্ঞের সমাবর্তন। কিন্তু রেশ রয়ে যায় মনে। 

৮ জন স্বর্ণপদক জয়ী, সহস্রাধিক অভিভাবক আর ছয় হাজার আটশো তিন জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী। এই নিয়ে শেষ হলো উজ্জ্বল জমকালো এক সমাবর্তন। আয়োজনটি করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) তাদের ৫ম সমাবর্তনকে ঘিরে। 

২১ মার্চ রাজধানীর উত্তরায় ১৪ নং সেক্টর-এর খেলার মাঠে উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল এ বিপুল সমারোহের আনন্দযজ্ঞ।  সমাবর্তনের সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.আবুল কালাম আজাদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রখ্যাত কথাসাহিত্যিক  ইমদাদুল হক মিলন, আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, উপ-উপাচার্য অধ্যাপক হামিদা আখতার বেগম।