তিনটি ট্রলার ডুবি : ৪৬ জেলে উদ্ধার, ৩ জেলে নিখোঁজ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ২০:০২
ঘুর্ণিঝড় ‘নাডার’ প্রভাবে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটে।   
 
শনিবার সকালে এ ঘটনা ঘটে।  দুপুরে  ৪৬ জেলেকে উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এখনো তিন জেলে নিখোঁজ রয়েছে। 
 
পাথরঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান,  সাগরে ভাসতে দেখে ৩ ট্রলারে ৪৬ জন জেলেকে উদ্ধার করে শনিবার পাথরঘাটা নিয়ে আসা হয়েছে। পাথরঘাটার এফবি মহসেন আউলিয়া-৩ নামক একটি মাছ ধরার ট্রলার গভীর সাগর থেকে উপকূলে ফেরার পথে তাদের উদ্ধার করে। এছাড়া নিখোঁজ রয়েছে মোস্তফা (৫০), সেলিম (৫০) ও কালু (২৮)। নিখোঁজদের বাড়ি বরগুনা সদর উপজেলার ডেমা-গুলশাখালী গ্রামে। তারা এফবি ভাই ভাই ট্রলারের কর্মরত  ছিলেন। 
 
ডুবে যাওয়া তিনটি ট্রলার হলো পটুয়াখালী জেলার মহিপুর এলাকার এফবি শুকতারা, বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জের এফবি ভাই ভাই ও বরগুনা সদর উপজেলার ডেমা- গুলশিখালীর এফবি নাজমুল। 
 
উদ্ধার হওয়া এফবি নাজমুল ট্রলারের জেলে মো. হারুন মাঝি বলেন, বঙ্গোপসাগরে তাদের ট্রলারটি ঢেউয়ের তোড়ে শনিবার সকাল ৮টায় ডুবে যায়। ট্রলারে মোট ১৪ জেলে সবাই বয়া, বাঁশ ও কাঠ ধরে ভাসতে থাকলে জেলা ট্রলার মালিক  সমিতির সহসভাপতি  মো. আলম মোল্লার  এফবি মোহসেন  আউলিয়া-৩ নামক একটি ট্রলার আমাদের উদ্ধার করে। 
 
মহিপুর এলাকার এফবি শুকতারা বোটের মোস্তফা মাঝি বলেন, তাদের ট্রলারটি শনিবার সকালে ডুবে যায়। ট্রলারটিতে ১৭ জন জেলে ছিল।
 
ইত্তেফাক/ইউবি
ৃ