পুঠিয়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ২

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ২২:৪৫
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের তাড়াশ গ্রামে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। 
 
এদের একজন সাদেকুল ইসলাম (২৫)। তিনি পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর আহত বুলবুল (২৬) পালিয়ে গেছে।
 
জানা গেছে, চারঘাট উপজেলার ইয়াকুব আলীর ছেলে সাদেকুল (২৫) বিকেলে তার বন্ধু ক্ষুদ্র জামিরা গ্রামের আকবর আলীর ছেলে বুলবুলের সঙ্গে তাড়াশ গ্রামে বুলবুলের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। তারা উভয়ে স্থানীয় জামায়াত কর্মী। সন্ধ্যা সাড়ে ৭টায় বুলবুলের শ্বশুর সোহরাব আলীর এক কক্ষে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে সাদেকুল (২৫) ও বুলবুল (২৬) আহত হন। 
 
গুরুতর আহত সাদেকুলকে পুলিশ আটক করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশের অবস্থান টের পেয়ে বুলবুল পালিয়ে যায়। পুঠিয়া থানা পুলিশ বুলবুলের শাশুড়ি মাতোয়ারা খাতুন ওরফে হুমাইয়া খাতুনকে হেফাজতে নিয়েছে। 
 
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, সার্কেল এএসপি আসলাম হোসেন, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। 
 
ইত্তেফাক/ইউবি