প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফর স্থগিত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ০৯:০৫
 
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ রবিবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় চিরনিন্দ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে তার শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
 
গতকাল শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোহবান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞত্তিতে এ তথ্য জানানো হয়। 
 
আজ রবিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সড়কে টুঙ্গিপাড়ার উদ্দেশে আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃবৃন্দের রওনা হওয়ার কথা ছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় যাওয়ার সব প্রস্তুতি চূড়ান্ত ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা শেষ পর্যন্ত স্থগিত করা হয়।