সরকারের দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক ঐক্য পরিষদ। আট দফা দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৬ নভেম্বর থেকে সারাদেশে ধর্মঘট আহ্বান করেছিল। গতকাল শনিবার বিকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিষদের আট দফা দাবি নিয়ে আলোচনা শেষে এই ধর্মঘট প্রত্যাহার ঘোষণা দেয়া হয়। এর আগে গতকাল শনিবার সকালে ধর্মঘটকে সামনে রেখে কয়েক হাজার শ্রমিক জাতীয় প্রেসক্লাবের সামনে ট্রাক, পিক-আপ নিয়ে শোডাউন ও সমাবেশ করে।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, আইজিপি একেএম শহীদুল হক, বিআরটিএ চেয়ারম্যান নজরুল ইসলাম, বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান, ঐক্য পরিষদের সদস্য সচিব কাউছার আহমেদ পলাশ, চট্টগ্রাম বন্দর ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মোহাম্মদ মনির, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, ট্রাক মালিক সমিতির নেতা হোসেন আহমেদ মজুমদার প্রমুখ।
বৈঠক সম্পর্কে ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, আমাদের ৮ দফা দাবি এক মাসের মধ্যে সমাধান করার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে পুলিশের হয়রানির ব্যাপারে আগামী দশদিনের মধ্যে আমাদের সঙ্গে বৈঠক করবেন পুলিশের আইজি। এছাড়া ট্রাক ও কাভার্ডভ্যানের বাম্পার ও সাইড এঙ্গেল খোলার ব্যাপারে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি বেনাপোল গিয়ে ভারতীয় ট্রাক দেখে এসে মতামত জানাবে। এছাড়া সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ড পুনর্বহালের ব্যাপারে আজ রবিবার নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা সায়েদাবাদ পরির্দশন করে এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।
