মেহেরপুরে কৃষককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১০:৫৭
 
পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে নূহ নবী (৪২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- নিহতের স্ত্রী উলাফাতুন বেগম (৪২), তার মেয়ে শ্যামলী (১৩) ও ভাই ফিরোজ আলী (৩৮)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 
 
আহত ফিরোজ আলী জানান, কোরবানি ঈদের দিন এক ছাত্রীকে শ্লীতাহানি করেন রাজ্জাকের ছেলে রাসেল। এ ঘটনায় বাবাসহ তার আত্মীয়-স্বজন এর প্রতিবাদ করেন। এক পর্যায়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন রাজ্জাক পক্ষের চার জন। 
 
IMG0
 
পরে তারা নূহ নবীসহ ছয় জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। কয়েকদিন পর ওই মামলায় জামিন পেয়ে প্রতিপক্ষের ভয়ে পলাতক ছিলেন তারা। কয়েক সপ্তাহ আগে গ্রামে ফিরে আসেন তারা। 
 
সন্ধ্যায় নূহ নবী তার জমিতে সেচ দেয়ার জন্য বুড়িপোতা গ্রামের মহসিনের বাড়িতে যান। রাতে বাড়ি থেকে ফেরার পথে রাস্তার পাশে ওৎ পেতে বসে থাকা রাসেল, মিয়া, আনার, ইউনূছসহ বেশ কয়েক জন তার ওপর হামলা করেন। এ সময় রড, হাতুড়ি, বাঁশসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করেন নূহ নবীকে। তার চিৎকারে ছুটে আসেন তার ভাই ফিরোজসহ পরিবারের লোকজন। এ সময় ফিরোজ আলী, উলফাতুন বেগম ও শ্যামলীকে পিটিয়ে জখম করেন তারা। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে মারা যান নূহ নবী।
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, পূর্ব শত্রুতার জের ধরে নূহ নবীকে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছেন। আহতরা কয়েক জনের নাম প্রকাশ করেছেন। তাদেরকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
 
 
ইত্তেফাক/কেকে