নাইজেরিয়ায় অপহৃত চিবুক স্কুল শিক্ষার্থী শিশুসহ উদ্ধার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৪:২৮
 
নাইজেরিয়ায় অপহৃত ২৭০ জন চিবুক স্কুল বালিকার একজনকে ১০ মাসের ছেলে শিশু সহ উদ্ধার করেছে সেনা বাহিনী। দেশটির জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২০১৪ সালে এই স্কুল বালিকাদের অপহরণ করে। পরবর্তীতে জানা যায়, অপহৃত স্কুল বালিকাদের জোরপূর্বক বিয়ে করছে বোকো হারামের সদস্যরা।
 
নাইজেরিয়ার বর্নো প্রদেশের উত্তরাঞ্চলে পুলকা এলাকা থেকে এই বালিকাকে উদ্ধার করা হয়। গত মাসে বোকো হারামের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নাইজেরিয়ান সরকার ২১ চিবুক বালিকাকে উদ্ধার করে।
 
উসমান নামে এক সেনা কর্মকর্তা জানায়, বোকো হারামের ঘাঁটির নিকটবর্তী সেমবিসা বনে সেনা সদস্যরা চিবুক বালিকাদের খোঁজ করছিল। তারা ধারণা করেছিল বোকো হারামের কাছ থেকে পালিয়ে আসা বেশ কিছু চিবুক বালিকা এই বনে রয়েছে। এই উদ্ধার অভিযানে চিবুক বালিকাকে একটি ছেলে শিশু সহ উদ্ধার করা হয়।
 
উল্লেখ্য, নাইজেরিয়ায় দীর্ঘদিন যাবৎ নিজেদের শক্ত অবস্থান তৈরি করে আছে বোকো হারাম। তারা অপর ইসলামি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ