নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত চারদিন একটানা বৃষ্টির কারণে উপকূলীয় তিন ইউনিয়নের জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গত বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত বৃষ্টির কারণে চরাঞ্চলের নিম্নআয়ের মানুষ কাজে যেতে পারছেন না। গৃহপালিত পশু-পাখিও গৃহবন্দি হয়ে পড়েছে। বৃষ্টির ফলে চরাঞ্চলে প্রায় শতাধিক কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। বিভিন্ন স্থানে আমন ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির আশংকায় দিশাহারা কৃষকরা। কোথাও দুই থেকে তিন ফুট পানি জমে সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। এতে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের চেয়ারম্যান আবু ছালেহ মিন্টু ফরাজী বলেন, তার ইউনিয়নর উপকূলীয় চরআবিল, চরবংশী ইউনিযনের অধিকাংশ চরে ৩-৪ হাত পানি উঠেছে। এসব এলাকায় ঘরবাড়ির পাশাপাশি আমন ধান ও উঠতি ফসল তলিয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। এছাড়ও চরে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষয়ক্ষতির তালিকা করা হবে।
রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা জহির আহম্মেদ বলেন, টানা বৃষ্টির কারণে চরের ফসলি জমিন ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে খোঁজ খবর নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হবে।
ইত্তেফাক/এমআই
