গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ কাটতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে ৯ পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আদিবাসীদের ছোড়া তীরে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারুজ্জামান, এএসআই রাজু আহম্মেদ, এএসআই আসাদুজ্জামান, এএসআই শামীমসহ ৯ পুলিশ সদস্য আহত হন।তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত শ্রমিক-কর্মচারীদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, রংপুর চিনিকলের ওই ইক্ষুখামারের ১ হাজার ৮৪২ একর জমির মালিকানা নিয়ে স্থানীয় আদিবাসীদের সঙ্গে চিনিকল কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারীরা পুলিশ পাহাড়ায় আখ কাটতে যায়। এ সময় খামারের জমি দখল করে থাকা অধিবাসীসহ (সাওতাল) কতিপয় দখলদাররা তাদের বাঁধা দেয়। একপর্যায়ে তারা পুলিশ ও চিনি কলের শ্রমিক-কর্মচারীদের ওপর তীর ছুড়তে থাকে। এ সময় ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হন। পরে পুলিশ বেশ কয়েক টিআর সেল ও রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/ইউবি
