যুক্তরাজ্যে যাচ্ছে ফেমল্যাব বাংলাদেশ বিজয়ী আদিব

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৯:০৯

>> মাশরুবা সুহা

 

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অডিশন পর্বের পর গত ২৪ মার্চ রাজধানীর ওয়েস্টিন হোটেলে ফেমল্যাব বাংলাদেশ ২০১৯-এর চূড়ান্ত পর্বের আয়োজন করল ব্রিটিশ কাউন্সিল। যুক্তরাজ্যের শেলটেনহ্যামে ইন্টারন্যাশনাল শেলটেনহ্যাম সায়েন্স ফেস্টিভ্যালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে চূড়ান্ত পর্বে ১৪ প্রতিযোগী নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। চূড়ান্ত পর্বের আগে এ ১৪ প্রতিযোগীকে প্রশিক্ষণ দেন যুক্তরাজ্যের মাস্টারক্লাস প্রশিক্ষক। প্রতিযোগিতায় বিজয়ী হয় বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী এএসএম আফরিন বিন নূর আদিব।

২০১৮ সাল থেকে বাংলাদেশে ফেমল্যাবের আয়োজন করে আসছে ব্রিটিশ কাউন্সিল। তরুণ এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়ে উত্সাহীদের জন্য এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর আরও মেধাবীদের কাছে পৌঁছাতে ঢাকার বাইরেও সিলেট ও চট্টগ্রামে অডিশন পর্বের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল। দুই মাসব্যাপী এ ক্যাম্পেইনের প্রচারণার পর দেশজুড়ে এ প্রতিযোগিতার জন্য ছয় শ আবেদন পত্র জমা পড়ে। প্রচারণার সময়ে ব্রিটিশ কাউন্সিল ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে। শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের জন্য এসব বিশ্ববিদ্যালয়ে অ্যাকটিভেশন বুথ স্থাপন করা হয়। সংক্ষিপ্ত বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে গত ফেব্রুয়ারিতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিন দিন অডিশন পর্ব অনুষ্ঠিত হয়। ঢাকার অডিশন পর্বে নির্বাচিত হয় প্রায় ১৫০ শিক্ষার্থী, চট্টগ্রামে ৬০ ও সিলেটে ৬০-এর বেশি শিক্ষার্থী। 

বাংলাদেশ পর্বের চূড়ান্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়রা আখতার, ব্র্যাক ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক এম কে শরিফ সিয়াম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আইউব। ফাইনালিস্টদের দক্ষতার উন্নয়নে তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণ দেন পাবলিক কমিউনিকেশন স্কিলস কোচের মিডিয়া প্রডিউসার ও যুক্তরাজ্যের প্রশিক্ষক ম্যালকম লাভ।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসেন। প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এবারের বিজয়ী বুয়েটের শিক্ষার্থী এএসএম আফরিন বিন নূর আদিব।

২০০৭ সালে থেকে ব্রিটিশ কাউন্সিল ও ফেমল্যাবের অংশীদারিত্বের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে আসছে এ প্রতিযোগিতা। এখন পর্যন্ত ৯ হাজারের বেশি তরুণ বিজ্ঞানী ও প্রকৌশলী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।