নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। সোমবার সকালে উপজেলার কান্দারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউপির কান্দারগাঁও গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে মোসলেহ উদ্দিন (৩৭) ঘরের কাজের জন্য সকাল ৮টার দিকে তাদের বাড়ির পেছন থেকে বালু আনতে যান। এ সময় তার ছোট ভাই খলিলুর রহমান (৩০) বালু আনতে বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। ছোট ভাই খলিল ক্ষিপ্ত হয়ে বড় ভাইয়ের বুকে মারার চেষ্টা করেন। তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায় বড় ভাইয়ের বগলের নিচে ছুরিটি বিদ্ধ হলে অচেতন হয়ে পড়েন বড় ভাই মোসলেহ উদ্দিন।
স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ শাহ মো. মঞ্জুর কাদের জানান, ছোট ভাইয়ের হাতে বড় ভাই হত্যার ঘটনায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। তবে ঘটনা জানার পরই পুলিশ পাঠানো হয়েছে ঘাতক ছোট ভাইকে ধরার জন্য। ঘটনার পরপরই ঘাতক পালিয়েছেন।
ইত্তেফাক/কেকে
