সৃজনশীল ও বহুনির্বাচনিতে সমান গুরুত্ব দিতে হবে

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৯:১৫

 

হিসাববিজ্ঞান

অধ্যাপক মো. ওবায়দুল্লাহ নয়ন

অধ্যক্ষ

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ

এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও, তোমাদের পরীক্ষা খুবই নিকটে। উচ্চ মাধ্যমিক স্তরে দু’বছর অধ্যয়ন করে তুমি তোমার ইোতমধ্যে অতীতের অনেক ভুল-ত্রুটি সংশোধন করে নিয়েছো নিশ্চয়ই। 

 

হিসাববিজ্ঞান বিষয়ে কাঙ্ক্ষিত ফললাভের জন্য কিছু পরামর্শ ও নির্দেশনাগুলো লক্ষ্য করো।

প্রথমত বলবো সৃজনশীল ও বহুনির্বাচনি উভয় অংশেই সমান গুরুত্ব দিতে হবে। বহুনির্বাচনি অংশে কমপক্ষে ২৫ নম্বর এবং সৃজনশীল অংশে কমপক্ষে ৬৫ নম্বর নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করতে হবে।

বহুনির্বাচনি অংশ ভালো করার জন্য পাঠ্যবইয়ের সবগুলো অধ্যায় ভালোভাবে অধ্যয়ন করা আবশ্যক। বিশেষ করে যেসব অধ্যায় তত্ত্ব  নির্ভর যেমন- হিসাববিজ্ঞানের নীতিমালা, হিসাববিজ্ঞান পরিচিতি প্রভৃতি অধ্যায়গুলো বারবার পড়তে হবে।

সৃজনশীল অংশে ভালো করার জন্য প্রথমপত্রে হিসাব সমীকরণ, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, অনাদায়ী পাওনা, অবচয় প্রভৃতি অধ্যায় অগ্রাধিকার দিতে হবে। দ্বিতীয়পত্রের ক্ষেত্রে শেয়ার ইস্যু, অনুপাত বিশ্লেষণ, সমচ্ছেদ বিশ্লেষণ প্রভৃতি অধ্যায় ভালোভাবে দেখতে হবে। সূত্র নির্ভর প্রায়োগিক সমস্যা যেমন- অনুপাত বিশ্লেষণ, প্রভৃতি অধ্যায়ের সূত্রগুলো বারবার পড়তে হবে। তাছাড়া আর্থিক বিবরণী, উত্পাদন ব্যয় বিবরণী প্রভৃতি অধ্যায়ে শ্রেণিবিন্যস্ত তথ্য উপস্থাপন করতে হয়। এগুলো নিয়মিত চর্চার কোন বিকল্প নেই।

পরীক্ষার প্রশ্নপত্র কাঙ্ক্ষিত মনে না হলে উদ্বিগ্ন হবে না ধীরস্থিরভাবে আবেগ নিয়ন্ত্রণ করে যেগুলো পারো সেগুলো উত্তর দিতে চেষ্টা করো। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথমে অপেক্ষাকৃত সহজ, ছোট এবং কম গণনাসম্পন্ন প্রশ্নগুলোর উত্তর করো।

কিছু ব্যতিক্রম নিয়ম যেমন- নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় চেক ও ব্যাংক সংক্রান্ত নিয়ম কিংবা রেওয়ামিলের ব্যতিক্রমসমূহ বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কিছু কিছু দফার একাধিক বিকল্প নাম রয়েছে সেগুলো ভুলে গেলে চলবে না। তাছাড়া মৌলিক দফাগুলোর ইংরেজি প্রতিশব্দও জেনে রাখতে হবে।

পরীক্ষার নির্ধারিত সময় শেষ হবার পনের- বিশ মিনিট আগে উত্তর লেখা শেষ করার চেষ্টা করবে। যাতে সবগুলো উত্তরে আরেকবার চোখ বুলিয়ে নিতে পারো।