ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, নেত্রকোনা, সিরাজগঞ্জ, ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এ বিষয়টি নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে সাক্ষাৎ করার জন্য বলেছেন। রবিবার এক টুইটার বার্তায় এসব কথা সুষমা স্বরাজ নিজেই জানিয়েছেন।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা করা হয়। এর পাঁচ দিন পর বৃহস্পতিবার উপজেলা সদরে হিন্দু সমপ্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এছাড়া গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে হিন্দুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলো ভারত।
এক টুইটে সুষমা স্বরাজ বলেন, বাংলাদেশে বিভিন্ন স্থানে হামলার পর হিন্দুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত হাইকমিশনারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করতে বলেছি। মূলত ‘টেম্পলট্রি’ নামের একটি টুইটার একাউন্ট থেকে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের শরণাপন্ন হয়ে একটি টুইট করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে হিন্দুদের ওপর ব্যাপক নিপীড়ন চালানো হচ্ছে। তাদের বাড়ি-ঘর ও মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। দয়া করে তাদের জন্য কিছু করুন। এই আবেদনের পরই সুষমা স্বরাজ টুইটে তার সরকারের গৃহীত পদক্ষেপের কথা জানান।
এদিকে ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ না হলেও যথাযথ চ্যানেলের মাধ্যমে উদ্বেগের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এর তিনদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েল মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছিলেন যে, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় নয়াদিল্লি ঢাকাকে আহবান জানিয়েছে।
ইত্তেফাক/আরএ
