কুষ্টিয়ার ভেড়ামারার চিহিৃত মাদক ব্যবসায়ীদের আটকের পর পুলিশ ছেড়ে দেয়। এরপর হরিজন সম্প্রদায়ের ওপর সোমবার দুপুরে হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। হামলায় মহিলাসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশ একজনকে আটক করেছে।
হরিজন সম্প্রদায়ের উত্তম এবং সঞ্চয় জানান, ভেড়ামারার বামনপাড়ার হরিজন সম্প্রদায় এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল ওই এলাকার বাবলু, শামীম এবং চঞ্চলসহ কয়েকজন। এ বিষয়ে কয়েকদিন আগে হরিজন সম্প্রদায়ের লোকজন বাধা দেয় এবং ভেড়ামারা থানায় অভিযোগ করে। এর প্রেক্ষিতে গত রবিবার ভেড়ামারা থানা পুলিশ ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে থানা হেফাজতে নেয়।
রাতেই অজ্ঞাত কারনে পুলিশ তাদের ছেড়ে দেয়। সোমবার দুপুরের দিকে হরিজন সম্প্রদায়ের সুজন ভ্যান নিয়ে বামানপাড়ার আজিজ বিড়ি সংলগ্ন মোড়ে গেলে তাকে মারপিট করে এবং ভ্যানটি আটকিয়ে রাখে মাদক ব্যবসায়ীরা। এ সংবাদ পেয়ে হরিজন সম্প্রদায়ের লোকজন ঐক্যবদ্ধ হয়ে সুজনকে উদ্ধার এবং ভ্যানটি ছাড়িয়ে নেওয়ার জন্য আসে। এসময় হরিজন সম্প্রদায়ের লোকজনকে দেখেতে পেয়ে মাদক ব্যবসায়ীরা পূর্ব পরিকল্পিত ভাবে রড, হাতুড়ি, হকিষ্টিক দিয়ে তাদের উপর হামলা চালিয়ে বেধড়ক পেটায়। এ সময় মহিলা বাসন্তি (৩০) সহ বিধান (৩৮), রঞ্চিত (৬০), সুশান্ত (৪০), উত্তম (৫৭), আকাশ (২০), সুজন (৪০),বিজয় (৩৫), কুমার (২৩), তপন(১৮), প্রসংজিত (১৫), উৎপল (১৮) মহন (২২), মাখন (৩৫) আহত হয়।
খবর পেয়ে ভেড়ামারা পৌর সভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌছায় এবং আহতদের কে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের সু-চিকিৎসার ব্যাবস্থা করেন এবং গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করার কথা বলেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার জানান, হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে উজ্জল নামের একজনকে আটক করেছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে ওরা মাদক ব্যবসায়ী না মাদক খোর তা দেখা হচ্ছে।
ইত্তেফাক/এএন
