যশোরে অস্ত্র-গুলি ও বিস্ফোরক মামলায় রুস্তম আলী ওরফে রুস্তম ডাকাত নামে এক ব্যক্তিকে ২৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর ২৫ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রুস্তম যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের ইসহাক আলীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের ৭ এপ্রিল বিকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন রুস্তম তার দলবল নিয়ে নওয়াপাড়া বাজারে ডাকাতি করতে আসছে। পুলিশ ভৈরব নদ সংলগ্ন আনসার ক্যাম্পের দু’পাশে অবস্থান নেয়। রাত ৯টার দিকে সন্ত্রাসী রুস্তম তার দলবল নিয়ে আনসার ক্যাম্প অতিক্রম করার সময় পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় রুস্তম ও তার বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালায়। পুলিশও নিজেদের রক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বাহিনী প্রধান রুস্তমকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি ধারালো দাসহ আটক করে পুলিশ। রুস্তমের সহযোগীরা পালিয়ে যায়।
এ ঘটনায় অভয়নগর থানার এসআই নাসির উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। -বাসস।
ইত্তেফাক/এমআই
