রুমের দরজা ভেঙে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৩:৩১
 
দলীয় কোন্দলের জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রুমের দরজা ভেঙে নিজ দলের কর্মীকে পিটিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরেুদ্ধে। সোমবার  রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বি ব্লকে ৪০১ নম্বর রুমে এই ঘটনা ঘটে।
 
মারধরের শিকার জাবেদ সজল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ কর্মী ও অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। পতাকে সাভার এনাম মেডিক্যাল হাসপাতাল ও কলেজে ভর্তি করানো হয়েছে।
 
জানা যায়, জাবেদ সজলের কক্ষে শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক বশিরুল হকের অনুসারীরা গিয়ে ধাক্কাধাক্কি শুরু করে। দরজা না খুললে তারা ভেঙে ভেতরে ঢুকে। সজলের সাথে কথা বলার এক পর্যায়ে  বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয়ার হুমকির ‘অভিযোগে’ তুলে ৮-১০ জন নেতা-কর্মী তাকে স্ট্রাম্প ও হাত দিয়ে মারধর করে। এতে সজল গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সাভার এনাম মেডিক্যাল হাসপাতাল ও কলেজে ভর্তি করানো হয়।
 
এদিকে ঘটনার সময় ছাত্রলীগ কর্মী ও নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম হলে হট্টগোল হচ্ছে শুনে মারধরের ঘটনা দেখতে গেলে তিনিও আহত হন। পরে তাকেও এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
এই ঘটনায় সভাপতি গ্রুপ এবং সাধারণ সম্পাদক গ্রুপের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 
এ বিষয়ে মারধরের শিকার জাবেদ সজল বলেন, কোন কারণ ছাড়াই আমার রুমের দরজা ভেঙে আমাকে মারধর করে।
 
শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক বশিরুল হক বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।
 
মীর মশাররফ হোসেন হলের প্রভোষ্ট অধ্যাপক মো.ওবায়দুর রহমান বলেন, তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, যেহেতু বিষয়টি হলের তাই আমি হল প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।
 
ইত্তেফাক/এএসএস