গোপালগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিরাজ শেখ (৩০) নামে আরো একজন।
সোমবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালামের বাড়ি খুলনার জেলার রূপসা উপজেলায়।
স্থানীয়রা জানান, ছয় থেকে ৭ জন চোর রাত দেড়টার দিকে হরিদাসপুর গ্রামের রাঙ্গা মোল্লার বাড়িতে চুরি করতে আসেন। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আব্দুস সালাম ও সিরাজকে ধরে ফেলে। এসময় তাদের অন্য সহযোগীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। আটক দু’জনকে পরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই আব্দুস সালাম মারা যান। এতে গুরুতর আহত হন সিরাজ। স্থানীয়রা জানিয়েছে রাঙ্গা মোল্লার গরু চুরি করতেই তারা এসেছিল বলে আমরা সন্দেহ করছি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত সিরাজকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ কর্মকর্তা আর কিছু জানাতে পারেননি।
ইত্তেফাক/এমআই
