রংপুরে হামলায় মোটর শ্রমিক ইউনিয়নের নেতা ও এসআই আহত

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৪:০৪
 
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ মিয়ার পক্ষে লোকজনের হামলায় আহত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক হাজীবুজ্জমান শাহীন ও কোতয়ালী থানার এসআই রায়হান। মঙ্গলবার ভোরে আর কে রোডের কেন্দ্রীয় বাসটার্মিনালের কাছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। 
 
ঘটনার পর মহানগরীর মাহীগঞ্জ এলাকার মজিদের বাসভবন ঘেরাও করে অভিযান চালিয়ে মজিদের ভাগ্নে আশরাফুল ইসলামসহ আটজনকে আটক করেছে পুলিশ। তবে মজিদ ও তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়। এসময় মজিদের বাসভাবন  থেকে ২৩টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। 
 
পুলিশ জানিয়েছে, রাত ১২টার দিকে মজিদ ৪০-৫০ জন লোক নিয়ে টার্মিনালের কাছে আর কে রোডে সাধারণ মানুষ ও প্রতিপক্ষের লোকজনকে মারপিট করে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়। মজিদের হাতে থাকা রডের আঘাতে গুরুতর আহত কোতয়ালী থানার এসআই রায়হান। 
 
এছাড়া মজিদের নেতৃত্বে তার লোকজন  মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাজীবুজ্জামনা, তার জামাতা হিমু ও পরিবারের লোকজনের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
কোতয়ালী থানার ওসি মাহিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মজিদ ও তার পক্ষের লোকজনকে আটক করতে অভিযান চলছে। 
 
ইত্তেফাক/এএসএস