তাড়াশ উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা

এমপি পুত্রসহ ৮ জনের জামিন

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৭:৩৬
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় সংসদ সদস্য ম. ম আমজাদ হোসেন মিলনের ছেলেসহ ৮ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত। 
 
মঙ্গলবার আওয়ামী লীগের নেতাকর্মীরা সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক শরিফুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।  
 
জামিনপ্রাপ্তরা  হলেন- রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য ম.ম আমজাদ হোসেন মিলনের বড় ছেলে জাকির হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু,  তার ভাই লেবু খাঁ,  তাড়াশ প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রজত ঘোষ, আওয়ামী লীগ নেতা শাহিনুর ইসলাম,  রাজীব, শরীফ ও আব্দুল হালিম।
 
মামলার নথি সূত্রে জানা যায়,  গত ৩০ অক্টোবর দুপুরে আসামিরা উপজেলা পরিষদে চেয়ারম্যানে কক্ষে হামলা চালিয়ে চেয়ারম্যান আব্দুল হককে গুরুতর আহত করে। এ সময় কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
 
এ ঘটনায় চেয়ারম্যানের ভাগ্নে ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বাদী হয়ে এমপির দুই পুত্র,  তার ব্যক্তিগত সহকারী ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতিসহ  ১৪ জনকে আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াসকে আটক করেন। সোমবার এ মামলার ৮ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
 
ইত্তেফাক/এমআর/ইউবি