স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের ছাড় দেয়া হবে না। তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গৌর মন্দিরসহ বিভিন্ন বাড়িঘর পরিদর্শন শেষে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সর্ব দলীয় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই। যারা জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই আজ সংখ্যালঘু । প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানজনক স্থানে নিয়ে গেছেন এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন স্বাধীনতাবিরোধী একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে উন্নয়নকে বাধা প্রস্থ করছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার,পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারি, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
সমাবেশে বক্তৃতা করেন খতিব মাও. মাজাহারুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা সাজিদুর রহমান, অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী, জয়ন্ত সেন দীপু, চারু চন্দ্র বর্মচারী, মৌসুমী সিংহা ও আবুল হাসেম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
