বাগেরহাটে দড়াটানা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২১:১১
বাগেরহাটের দড়াটানা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে লক্ষাধিক দর্শকের আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
 
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচে বাগেরহাট, খুলনা, মাদারীপুর, গোপালগঞ্জসহ এ অঞ্চলের ২৪টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। এ ছাড়া দুটি মহিলা নৌকা বাইচ দলও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মুনিগঞ্জ ব্রিজ থেকে পৌর পার্ক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার নদী পথে অনুষ্ঠিত এ বাইচে মাদারীপুর জেলার শুকুমার বাইন এর বাইচ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 
 
নৌকা বাইচ শেষে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: মোজাম্মেল হোসেন এমপি চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা ও একটি ট্রফিসহ পুরষ্কার বিতরণ করেন।
 
 
এ সময় জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, পৌর মেয়র খান হাবিবুর রহমান,  ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, পৌর কাউন্সিলর তালুকদার আঃ বাকিসহ কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রামীণ ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/এমএইচ