আল রাজী মডেল হাইস্কুল ও ওয়ালটনের শো রুম উচ্ছেদে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২১:২৯
 
 
রাজধানীর রামপুরার বনশ্রীর জি ব্লকে অবস্থিত আল-রাজী মডেল হাইস্কুল ও একই এলাকার ওয়ালটনের একটি শো-রুম উচ্ছেদের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে রাজউকের দেয়া উচ্ছেদ নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। স্থানীয় সরকার সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, রাজউক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
 
আদালতে আবেদনের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান ও রাফসান আল-আলভী এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান শুনানি করেন।
আইনজীবী ইশরাত হাসান বলেন, গত ২৫ অক্টোবর আল-রাজী মডেল হাইস্কুল ও একই এলাকার ওয়ালটনের একটি শো-রুম উচ্ছেদের জন্য নোটিশ দেন রাজউক। নোটিশে বলা হয়,আবাসিক এলাকায় বরাদ্ধকৃত ভবনে অবৈধ ভাবে বানিজ্যিক ব্যবহার করছেন। অবিলম্বে আল-রাজী মডেল হাইস্কুল ও ওয়ালটনের শো-রুমটি অপসারণের উদ্যোগ নিতে বলা হয় নোটিশে।
 
গত ৬ অক্টোবর এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বনশ্রী কল্যাণ সমিতির প্রাক্তন আইন সম্পাদক রাশেদুল হাসান ও তাসলিমা রশিদ  হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারির পাশাপাশি উচ্ছেদের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা দেয়।
 

ইত্তেফাক/এএম।