যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প উভয়েই আফ্রো আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন নিজেদের ভোট দেওয়ার জন্য। অপরাধ দমনে কঠোর আইন করার কথা বলায় ডোনাল্ড ট্রাম্প এবং বিল ক্লিনটনের আমলের একটি আইনের কারণে হিলারি ক্লিনটন-এই দু’জনের কেউই কৃষ্ণাঙ্গদের আস্থা অর্জন করতে পারেননি। মন জয় করতে পারেননি আফ্রো আমেরিকানদের। খবর আল জাজিরার।
রবিবার উত্তর পশ্চিম ফিলাডেলফিয়ার একটি চার্চে আফ্রিকান আমেরিকান ভোটারদের উদ্দেশ্যে হিলারি বলেন, এটি ভয় এবং আশা দুটোর মধ্যে একটি বেছে নেয়ার নির্বাচন। প্রেসিডেন্ট ওবামা যা কিছু করেছেন তা ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে ভোট দিতে হবে। ২০০৮ এবং ২০১২ সালে কৃষ্ণাঙ্গ ভোটাররা ব্যাপকহারে ওবামাকে ভোট দেয়া সত্ত্বেও এবার তাদেরকে সেভাবে আকৃষ্ট করতে পারেননি ডেমোক্রেট প্রার্থী হিলারি।
কৃষ্ণাঙ্গ ভোটারদের জোয়ার নিজের দিকে সৃষ্টি করতে শেষ মুহূর্তে প্রচারণা চালান ডোনাল্ড ট্রাম্প। এক জরিপে দেখা গেছে ৮৩ দশমিক ৩ ভাগ আফ্রিকান আমেরিকান ভোটার হিলারি পক্ষে আর ৪ দশমিক ৩ ভাগ ট্রাম্পের সমর্থক। তবে জরিপের ফলাফলের কারণে দমে যাননি ট্রাম্প। গত শনিবার ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনাদের হারানোর কি আছে। এর আগে বেশিরভাগ বক্তব্যে ট্রাম্প আইন কঠোর করার কথা বলেছেন এবং কৃষ্ণাঙ্গ বসতিগুলোকে অপরাধ এবং দারিদ্র্যে সয়লাব বলেছেন।
নিউইয়র্কে কর্মরত একজন সাংবাদিক ডমিনিক কার্টার বলেন, ডোনাল্ড ট্রাম্প শুধু কৃষ্ণাঙ্গদের আকৃষ্ট করতে ব্যর্থই হননি। এক্ষেত্রে তার বিপর্যয় হয়েছে। নিউইয়র্কে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়নের জন্য একটি অভিযানের প্রশংসা করেছিলেন ট্রাম্প। সেই অভিযানটি আফ্রিকান আমেরিকানদের এবং ল্যাটিন আমেরিকান বংশোদ্ভূতদের অবৈধভাবে টার্গেট করার জন্য সমালোচিত হয়েছিল।
দি গার্ডিয়ানের এক জরিপে দেখা গেছে ২০১৫ সালে পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের তুলনায় ৯ গুণ কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। হিলারি এসব গোলাগুলির সাথে বর্ণবাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে এ ব্যাপারে পুিলশের ট্রেনিংসহ অন্যান্য বিষয়ে বিশদ তদন্তের কথা বলেছেন। তবু আফ্রিকান আমেরিকানদের সন্তুষ্ট করার চ্যালেঞ্জটি রয়েই গেছে হিলারির।
পূর্ব হারলেমের বাসিন্দা শিল্পী এবং সমাজকর্মী টায়না ট্রাভারসো যিনি প্রকতপক্ষে বার্নি স্যান্ডার্সের সমর্থক। টায়ানা বলেন, বিল ক্লিনটনের আমলে করা সহিংস অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগ অধ্যাদেশের কারণে হিলারি ক্লিনটনকে সমর্থন করা আমার জন্য খুবই কঠিন। তবে কোনো কোনো আফ্রিকান আমেরিকান কম্যুনিটির নেতা বলেছেন অতীতের ঘটনা নিয়ে ক্ষোভ ট্রাম্পকে হারিয়ে হিলারিকে জয়ী করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়।
কৃষ্ণাঙ্গ নেতা হাজেল ডিউক বলেন, বিল ক্লিনটন আর হিলারি ক্লিনটন এক নন। কৃষ্ণাঙ্গরা হিলারির দিকেই ঝুঁকবে। ট্রাম্প আফ্রিকান আমেরিকানদের জন্য কখনও কিছু করেননি। আমাদেরকে অপমান এবং অশ্রদ্ধা করা হয়েছে।
ইত্তেফাক/এএন
