বিনোদন ডেস্ক
প্রেম করছেন সারা আলী খান ও কার্তিক আরিয়ান। বলিউডজুড়ে চলছে এমনই গুঞ্জন। ঠিক গুঞ্জন নয়, সত্যের আভাসও পাওয়া যাচ্ছে। তাইতো তাদের প্রেমে মাতোয়ারা পুরো বলিউড। তবে সারা সম্প্রতি এক গণমাধ্যমকে বলেছেন, ‘আমি এখনো প্রেম করছি না। তবে কার্তিকের সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্যরকম। খুব ভালো সম্পর্ক, কিন্তু সেটাকে প্রেম বলা যাবে না। প্রেম করলে ভেবে চিন্তেই করবো।’
তাদের প্রেম নিয়ে এই আলোচনার শুরু কফি উইথ করণ থেকে। সেই অনুষ্ঠানে বাবা সাইফ আলী খানের সামনেই করণের প্রশ্নের উত্তরে সারা বলেন, ‘কার্তিককে আমার বেশ ভালো লাগে। আমার ক্রাশের তালিকায় সে প্রথমেই। তার সঙ্গে একান্তে সময় কাটাতেও আমি রাজি।’ সম্প্রতি এই জুটির প্রথম সিনেমা ‘লাভ আজকাল টু’র প্রথম শিডিউলের শুটিং শেষ করেছেন তারা। সেটের একাধিক ছবি ও ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে। এবার আরেক আদুরে মুহূর্ত অন্তর্জালে ছড়িয়ে পড়ল। এর আগে জি সিনে অ্যাওয়ার্ডসে কমিক রোলের জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন কার্তিক আরিয়ান। আর এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে কেদারনাথ সিনেমার জন্য সেরা অভিষেক অভিনেত্রীর পুরস্কার জিতলেন সারা আলী খান। দিল্লিতে শুটিংয়ের শেষদিনে দু’জন কেক কেটে আনন্দ উদযাপন করলেন। ইমতিয়াজ আলীর লাভ আজকাল টু’র দিল্লি শুটিং পর্বের শেষদিনটি স্মরণীয় করে রাখলেন সারা-কার্তিক। ইনস্টাগ্রামে একটি আদুরে ভিডিও শেয়ার করেছেন সারা নিজেই। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রথমে নিজের পরিচয় দিচ্ছেন সারা। এরপর কার্তিকের পরিচয় দেন। দু’জন বারান্দায় পৌঁছালে সেটের বাইরে দাঁড়ানো ভক্তরা তাদের দেখে উত্তেজিত হয়ে পড়েন। কার্তিকের নাম ধরে চিত্কার করে ওঠেন সারা। আর সারার মুখে হাত দিয়ে চিত্কার থামানোর চেষ্টা করেন কার্তিক।
সারা ও কার্তিকের আনন্দঘন ওই আদুরে মুহূর্ত উদযাপন করেছেন অনুরাগীরাও। তাদের চোখে বিনোদন দুনিয়ার আগামী সুপারস্টার এ যুগল। শুধু অনস্ক্রিনের রোম্যান্সই নয়, বাস্তবজীবনের যুগল হিসেবেও তাদের দেখতে চান ভক্তরা।
