৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার পুলিশ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ২১:৫০
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বোটসহ ছয় জেলেকে ধরে  নিয়ে গেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
 
বুধবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপের কাছ থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাওয়া হয়। 
 
জেলেরা হলেন- মাঝি আব্দুল হামিদ, মো. ফজল আহমদ, মো. হাশিম, মো. সাদ্দাম, মো.  হোসাইন, ও রশিদ। 
 
ট্রলারের মালিক মো. নাসির উদ্দিন জানান, বুধবার বিকালে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে মাছ শিকারের সময় একটি ট্রলারে ১০ জনের মতো মিয়ানমারের পুলিশ সদস্য তাদের ধাওয়া করে। এ সময় জাল ফেলে পালানোর চেষ্টাকালে বোটসহ ছয় জেলেকে আটক করে মিয়ানমার পুলিশ। এ সময় মিয়ানমার পুলিশ মাছ শিকার করতে যাওয়া আরো কয়েকটি ট্রলারকে ধাওয়া করেছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।
 
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ জানান, ‘বিষয়টি আমি সেন্টমার্টিন কোস্টগার্ড ও বাংলাদেশ নৌ-বাহিনীকে অবগত করেছি।’  
 
এ প্রসঙ্গে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান জানান,  এ ব্যাপারে মিয়ানমারের পুলিশ (বিজিপির) সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত আনার প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এমআর/ইউবি