বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী জয়াপ্রদা

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:০৮

 

নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী জয়াপ্রদা। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে জয়াপ্রদাকে দলে স্বাগত জানান বিজেপি নেতাকর্মীরা। বিজেপির হয়ে কাজ করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে কৃতজ্ঞতা জানান জয়াপ্রদা। খবর আনন্দবাজার পত্রিকার

অন্যদিকে, জয়াপ্রদা বিজেপিতে যোগ দেওয়ার পরই সমাজবাদী পার্টির বিরুদ্ধে উত্তরপ্রদেশে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এককালে সমাজবাদী পার্টির হয়ে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছেন জয়াপ্রদা। তাদের হয়ে প্রচারেও নেমেছেন। তবে দলের নেতা আজম খানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ তাঁর। এ বছর সেই আজম খানের বিরুদ্ধেই উত্তরপ্রদেশের রামপুরে জয়াপ্রদাকে প্রার্থী করা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর।

বিজেপিতে যোগদানের পর  দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়াপ্রদা বলেন, ‘‘আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। সিনেমা হোক বা রাজনীতি, মন দিয়ে কাজ করে এসেছি। কাজের প্রতি জীবন উত্সর্গ করে দিয়েছি। আমাকে সম্মান জানানোর জন্য বিজেপিকে ধন্যবাদ। যে সাহসী নেতাদের হাতে গোটা দেশ নিরাপদ বোধ করে, তাঁদের সঙ্গে কাজ করতে পারছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের কাছে কৃতজ্ঞ আমি।’’

নব্বইয়ের দশকে প্রথম রাজনীতিতে পা রাখেন জয়াপ্রদা। এনটি রামারাওয়ের আমন্ত্রণে ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে (টিডিপি) যোগ দেন। তবে পরবর্তীকালে দল ছেড়ে বেরিয়ে আসেন। যোগ দেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টিতে। ২০০৪ সালে নিজের রামপুর আসন থেকে জয়াপ্রদাকে প্রার্থী করেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। ২০০৪ এবং ২০০৯, পর পর দুবার রামপুর থেকে জয়ী হন জয়াপ্রদা। কিন্তু অমর সিংহ শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার জেরে আজম খানের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকে।