শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ০১:৪৪
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়কের দীর্ঘ ২৩ কি.মি. রাস্তার অধিকাংশ স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টির জমে থাকা পানিতে সড়কটিতে নির্মাণাধীন সেতু ও কালভার্টের বিকল্প পথ এবং রাস্তার পাশ ভেঙে ভয়ঙ্কর অবস্থা হয়েছে। ২৩ কি.মি. সড়ক উন্নয়নে ১০ কোটি ছয় লাখ টাকা ব্যয়ে ১৭টি কালভার্টসহ মৌলভীবাজারের ব্রাহ্মণবাজার-শমশেরনগর সড়কে কাজ চলছে। সড়কটি শ্রীমঙ্গল পর্যন্ত যাতায়াত ও মালামাল পরিবহনে খুবই গুরুত্ব বহন করছে। ব্রাহ্মণবাজার থেকে শমশেরনগর পর্যন্ত সড়কটির প্রশস্তকরণসহ উন্নয়ন কাজ শুরু হয় প্রায় চার মাস আগে। তবে দ্রুত উন্নয়ন কাজ সম্পন্ন না হওয়ায় ব্রাহ্মণবাজার থেকে শমশেরনগর পর্যন্ত দীর্ঘ ২৩ কি.মি. সড়কের অধিকাংশ স্থানের পিচ উঠে ছোট-বড় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে নতুন করে সমস্যার সৃষ্টি হয়।
 
সড়ক ও জনপথের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী উত্পল সামন্ত বলেন, সড়কটি একটু প্রশস্ত করা হচ্ছে। অব্যাহতভাবে যানবাহন চলাচলে চাপে অনেক স্থানে সড়কের পিচ উঠে গেছে। এ পথে ১৬টি কালভার্ট ও একটি সেতু নতুন করে নির্মাণ করা হচ্ছে। ফলে এসব কালভার্ট ও সেতুর বিকল্প পথ দিয়ে যানবাহন চলাচল করতে হয়। টানা বৃষ্টিতে বিকল্প পথের কাদায় সমস্যা হচ্ছে। তবে কাজ থেমে নেই। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত সড়কটির উন্নয়ন কাজ এখন থেকে ভালো পর্যায়ে চলে আসবে।
 
ইত্তেফাক/এএন