প্রীতি ম্যাচ নেদারল্যান্ড-বেলজিয়ামের ড্র

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১২:৪৮
 
নেদারল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার হাই ভোল্টেজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচটিতে প্রিমিয়ার লিগের দুই বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুয়েনে ও ইডেন হ্যাজার্ড বেশ অস্বস্তিতে ছিলেন। অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ডাচ দলে ইনজুরির শঙ্কা দেখা দিয়েছে।
 
৩৮ মিনিটে ডেভি ক্লাসেনের পেনাল্টিতে এগিয়ে যায় স্বাগতিক ডাচরা। ম্যাচে শেষ বাঁশি বাজার আট মিনিট আগে ইয়ানিক কারাসকোর গোলে সমতা ফেরায় বেলজিয়াম। দুই প্রতিবেশী দেশের মধ্যে এটি ছিল ১২৬তম ম্যাচ। তবে ম্যাচে সৌভাগ্যের ভাগীদার কোন দলই হতে পারেনি।
 
বিশেষ করে ডাচদের জন্য সম্প্রতি সময়টা মোটেই ভাল যাচ্ছেনা। ইউরো ২০১৬’র ফাইনালে খেলতে ব্যর্থ নেদারল্যান্ড এখন ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও জায়গা করে নিতে হিমশিম খাচ্ছে। গ্রুপ-এ’তে ফ্রান্স ও সুইডেনের থেকে তিন পয়েন্ট পিছিয়ে তাদের বর্তমান অবস্থান তৃতীয়। এদিকে এভারটনের সাবেক বস রবার্তো মার্টিনেজের অধীনে বেলজিয়াম দুর্দান্তভাবেই এগিয়ে চলেছে। গ্রুপ-এইচ এ তিন ম্যাচে তাদের প্রাপ্তি শতভাগ জয়।
 
নেদারল্যান্ড আগামী রবিবার পরবর্তী বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গের মোকাবেলা করবে। কিন্তু বুধবারের ম্যাচে ইনজুরিতে আক্রান্ত জেরেমেইন লেন্স, ক্লাসেন ও স্টিন শাচারের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। রবিবার অপর ম্যাচে এস্তোনিয়া সফরে যাবে বেলজিয়াম। বাসস ও স্কাই স্পোর্টস।
 
ইত্তেফাক/আরএ