নারায়ণগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৯:৩০
 
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হূদয় হোসেন বাবু (২৮) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর পর বেলা ১১টায় তিনি মারা যান।
 
হূদয় হোসেন বাবু মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বালিগাঁও গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। হূদয় ফতুল্লার দেওভোগ নাগবাড়ি এলাকার শিরিনা আক্তারের বাড়ির ভাড়াটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু এলাকার মাদক ব্যবসায়িদের সঙ্গে চলাফেরা করতেন। তিনি নিজেও মাদকাসক্ত ছিলেন। মাদক ব্যবসার বিরোধীতা নিয়েই প্রতিপক্ষের হাতে খুন হয়েছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।
 
ফতুল্লা মডেল থানার এসআই তুষার কান্তি দাস বলেন, ভোর সাড়ে চারটায় দেওভোগ নাগবাড়ি এলাকায় রাস্তার পাশ থেকে বাবুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময়ে বাবুর মাথায় ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের দাগ পাওয়া গেছে। প্রথমে বাবুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবণতি ঘটলে পরিবারের লোকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সকাল ১০টার দিকে তার মৃত্যুর খবর পেয়েছি। হূদয় কী করতো সেটা জানা যায়নি। কে বা কারা বাবুকে ছুরিকাঘাত করেছে তাও জানা যায়নি। তবে তদন্ত চলছে।
 

ইত্তেফাক/এএম।