ভবন নির্মাণে অসতর্কতা

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:১৯

গত ২১ মাচ সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর নবোদয় বাজার হয়ে মহাখালি যাচ্ছিলাম। নবোদয় মসজিদের পাশ দিয়ে ৬ নম্বর রাস্তা দিয়ে আসার সময় হঠাত্ কোথা হতে কাঠের একটা টুকরো আমার বাঁ হাতে আঘাত করে। শুকরিয়া, কাঠের টুকরোটা আমার মাথার ওপর পড়েনি। বুঝতে পারলাম, কাঠের টুকরোটি পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবন থেকে পড়েছে।

বেশ কিছুদিন আগে পান্থপথে এক স্কুলছাত্র নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট মাথায় পড়ায় মারা গিয়েছিল। প্রায়ই নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক হতাহত হচ্ছে। হতাহতের ঘটনা ঘটার পর কয়েকদিন এ নিয়ে পত্রিকায় লেখালেখি হয়, তদন্ত কমিটি গঠন করা হয়, তারপর আর কিছু জানা যায় না। ভবন নির্মাণ বা মেরামতের জন্য অনুমতি প্রদান করা কর্তৃপক্ষ রাজউক থেকে কখনো কি দেখতে আসা হয়, নির্মাণকাজে যথাযথ নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে কি না। কর্তৃপক্ষীয় দায়িত্বহীনতার জন্যই এভাবে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। ভবন নির্মাতা প্রতিষ্ঠান কি নেট দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেই তাদের দায়িত্ব শেষ করবে নাকি নিয়মিত তদারকি করে সাধারণ মানুষের জীবন রক্ষা করবে?

মো. সোয়েব মেজবাহউদ্দিন

নবোদয় হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা