বাকেরগঞ্জের দুধলে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ০০:৩৯
বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয়রা।
 
১৯৫৯ সালে সুন্দরকাঠী খালের উপরে নির্মিত বাঁশের সাঁকোটি আজও অবহেলিত থাকায় এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না বরাবর লিখিত আবেদন দিয়েও কোনো সুরাহ পায়নি। বাঁশের সাঁকো দিয়ে পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে  জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিবের আমন্ত্রণে বরিশাল জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলুকে স্কুলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। তিনি আমন্ত্রণে সাড়া দিয়ে জিপিএস মাধ্যমিক বিদ্যালয় তার নিজ এলাকায় পরিদর্শনে যান। স্কুল এবং এলাকাবাসীর পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা দেওয়া হয়।
 
সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে খান আলতাফ হোসেন ভুলু অবহেলিত বাঁশের সাঁকোটি জেলা পরিষদের মাধ্যমে ব্রিজে রূপান্তর করে দেওয়ার জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ারের মাধ্যমে মাপ দিয়ে জরুরি ভিত্তিতে ব্রিজ নির্মাণের জন্য নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব ও ইঞ্জিনিয়ার, ইউনিয়ন চেয়ারম্যান উজ্জলসহ আওয়ামী লীগের ইউনিয়নের  নেতৃবৃন্দ ও এলাকাবাসী। ব্রিজটি নির্মাণ হলে এলাকার মানুষের দুঃখ-কষ্ট দূর হবে, এমনকি স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রী, পথচারী ও হাট-বাজারের লোকজন বাঁশের সাঁকোর ঝুঁকি থেকে পরিত্রাণ পাবে।
 
ইত্তেফাক/এএন