কুষ্টিয়ায় লালন মেলা শুরু

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১০:০৬
কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়াবাড়ীতে দুই দিন ব্যাপী সাধুসঙ্গ ও বাউল গান এবং লালন মেলা শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাউল সম্রাট ফকির লালন শাহ স্মরণে এই মেলা শুরু হয়।  
 
এ উপলক্ষে বৃহস্পতিবার লালন একাডেমি মিলনায়তনে ‘লালন সাঁই : মরমি মৃত্তিকার ফসল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আগত লালন ভক্ত অনুসারী ও বাউল শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সেমিনার শুরু হয়। 
 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী। 
 
প্রবন্ধের উপর আলোচনা করেন, মুখ্য আলোচক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী। এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, প্রবীণ লালন অনুসারী, শিল্পী নহির শাহ্, লালন একাডেমির সদস্য জাহিদ হোসেন, শিক্ষক ও গবেষক জেসমিন বুলি উপস্থিত ছিলেন। 
 
এছাড়াও সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে আগত লালন ভক্ত, অনুসারী, শিল্পী ও সাংবাদিকসহ সূধীজনরা উপস্থিত ছিলেন। দুইদিনের সাধুসঙ্গ ও বাউল গান এবং লালন মেলা সফল করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
 
লালন মাজারের বাইরে কালী নদীর ভরাটকৃত জায়গায় নির্মিত লালন মেলা মঞ্চে দেশের ৬৪ জেলা থেকে আগত বাউলদের মধ্যে আজ সন্ধায় ৩২ জন প্রথিতযশা বাউল শিল্পী লালন সংগীত পরিবেশন করেন। -বাসস।