কলকাতায় যাবে জলের জাহাজ

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:২০

বহুদিন হয়ে গেল বাংলাদেশ থেকে যাত্রীবাহী কোনো নৌযোগাযোগ সচল নেই আন্তর্জাতিকভাবে। জলের জাহাজ যাত্রী নিয়ে ভাসছে না দূর সাগরে। সেই কবে শৈশবে শুনেছিলাম প্রতিবেশী দুচারজন হজ করতে জলের জাহাজে মক্কা গিয়েছিলেন। তারপর আমাদের বয়স বাড়তে থাকে; কিছু ভালোমতো বোঝার আগেই উড়োজাহাজ দখল করে নেয় জলের জাহাজের জায়গা। সেই থেকে অসাধারণ আরামদায়ক, জল ভাগ করে সাঁই সাঁই করে ছুটে যায়নি কোনো যাত্রীবাহী জলের জাহাজ আন্তর্জাতিক অঙ্গনে।

বাংলাদেশের সঙ্গে কলকাতার জলের জাহাজ চলাচল ছিল অনেক আগে থেকেই, আব্বার কাছে শুনেছিলাম। কবি বেলাল চৌধুরী কত লেখায় যে বলেছেন কলকাতায় পালিয়েছিলেন জলের জাহাজে করে।

সেই থেকে জলের জাহাজের পরিসমাপ্তি আসলেই ছিল দুঃখজনক। যাত্রীবাহী জলের জাহাজ কি ফুরিয়ে গেল বাংলাদেশের হূদয় থেকে। সেই ফুরিয়ে যাওয়া অতীত ফিরে আসছে সম্ভবত ২৯ মার্চ ২০১৯ সন্ধ্যায়। নারায়ণগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে পরীক্ষামূলক যাত্রীবাহী জলের জাহাজ [বিআইডবি­উটিসির] এমভি মধুমতি। ঢাকা-কলকাতা-ঢাকা নৌপথে জাহাজটি বরিশাল-মংলা-সুন্দরবন খুলনার আণ্টীহারা, ভারতের হলদিয়া রুট হয়ে ৩১ মার্চ আনুমানিক দুপুর ১২টায় কলকাতা পৌঁছবে। এই পরীক্ষামূলক জলের জাহাজ নিয়মিত হোক ঢাকা-কলকাতা-ঢাকা রুটে। দীর্ঘজীবী হোক এই যাত্রা।

মির্জা আবু হেনা কায়সার টিপু

উত্তরা, ঢাকা