নাসিরনগরে হামলার প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ০৮:৩৪
 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে প্রাণীসম্পদ মন্ত্রী ছায়দুল হকের পদত্যাগ এবং সন্ত্রাসীদের মদদদাতা ও প্রশ্রয় দানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ বিক্ষোভ চলাকালে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তাদের দাবির কথা তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা। 
 
সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ইউএসএ, আন্তর্জাতিক হরিচাঁদ-গুরুচাঁদ মতুয়া মিশন ইউএসএ, সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইউনাইটেড হিন্দু সোসাইটিসহ বেশকিছু সংগঠন ব্যানার ও ফেস্টুন নিয়ে এই বিক্ষোভে অংশ নেয়। 
 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার রায় জানান, বিক্ষোভ শেষে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। শিগগির ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বরাবরে স্মারকলিপি দেয়া হবে।
 
জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ প্রসঙ্গে প্রবীর কুমার রায় অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তা নেই। তাদের ওপর অত্যাচার, নিপীড়ন বেড়ে গেছে। তিনি বলেন, নাসিরনগরের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার দাবিতে আজকের এই সমাবেশ। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নাগরিক হওয়া সত্ত্বেও তাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। অথচ সরকার আমাদের নিরাপত্তা দিতে পারছে না। 
 
প্রবীর রায় আরো অভিযোগ করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল করার উদ্দেশে এবং তাদের দেশ থেকে বিতাড়িত করতেই এ ধরনের হামলার ঘটনা ঘটছে। তিনি অবিলম্বে এসব হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 
 
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ দাস, দিলীপ নাথ, গৌরাঙ্গ কুন্ডু, শ্যামল চক্রবর্তী, ধ্রুব চক্রবর্তী, শংকর দে, রোজালিন ডি’কস্তা, সবিতা দাশ, জয় তুর্য চৌধুরী, যমুনা পাল, সুভেন রায়, আশিস পুরকায়স্থ, রিটন রায় প্রমুখ। 
 
 
ইত্তেফাক/কেকে