ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১০:৪০
 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা নামক স্থানে অবৈধ যানবাহন আলমসাধু ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হচ্ছেন- কোটচাঁদপুর উপজেলা চাঁদপাড়া গ্রামের কেদার বিশ্বাসের ছেলে আমজাদ হোসেন (৫৫) ও কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটি গ্রামের বাবর খাঁর ছেলে আমির খাঁ (৪৮)। 
 
আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার ছোটঘিঘাটি গ্রামের লিটন হোসেন (২৮), জাহাঙ্গীর হোসেন (২৮), বসির উদ্দীন (৪৫) ও আবুল কালাম (৩৫)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
 
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকালে কোটচাঁদপুর দিক থেকে আসা একটি আলমসাধু পাতবিলা ইটভাটার কাছে পৌছলে কালীগঞ্জ থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আমজাদ হোসেন মারা যান। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আমির খাঁ মারা যান। 
 
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, হতাহতরা আলমসাধুর যাত্রী। পুলিশ পিকআপ ভ্যান ও আলমসাধুটি আটক করেছে। পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়।
 
 
ইত্তেফাক/কেকে