পাবনার ভাঙ্গুড়ায় ছেলে-মেয়েকে সম্পত্তি লিখে না দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে বোয়ালমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম তোরাব আলী (৬৫)।
পুলিশ ও গ্রামবাসী জানান, তোরাব আলীর নিজ নামীয় ১০/১২ বিঘা জমি নিজেদের নামে লিখে দেয়ার জন্য তার ছেলে সাদ্দাম হোসেন ও মেয়ে সাবিনা ইয়াসমিন কিছুদিন ধরে চাপ দিচ্ছিলেন। তোরাবের স্ত্রী সোহাগী খাতুনও ((৫৫) সন্তানদের পক্ষ নিয়ে স্বামীর বিরুদ্ধে অবস্থান নেন।
শুক্রবার রাতে এ সমস্যা সমাধান করতে সাবিনার স্বামী মনিরুল ইসলামকেও ডেকে নিয়ে আসা হয়। তোরাব আলী তার সম্পত্তি হস্তান্তর না করার সিদ্ধান্তে অটল থাকায় রাত ৯টার দিকে ছেলে, মেয়ে, স্ত্রী ও জামাই মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন।
প্রতিবেশীরা তোরাব আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ নিহত তোরাবের ছেলে সাদ্দাম হোসেন (২৪) ও মেয়ে সাবিনা ইয়াসমিনকে (২০) গ্রেফতার করেছে। স্ত্রী সোহাগী ও জামাতা মনিরুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানা গেছে।
ওসি আব্দুর রব জানান, তোরাব আলীর ভাতিজা প্রভাষক আমির আলী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে শনিবার সকালে ভাঙ্গুড়া থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
