বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৩:৫৭
 
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পোস্তগোলা প্রথম চীন মৈত্রী সেতুর সামনের বুড়িগঙ্গা নদীতে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ীর এসআই মো. সামসুল আলম। 
 
৩০ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল সাদা প্যান্ট ও ফুল হাতা সাদা চেক শার্ট। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বুড়িগঙ্গায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠায়।
 
লাশটি অর্ধগলিত হওয়ায় নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা শনাক্ত করা যায়নি ও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
 
 
ইত্তেফাক/কেকে