পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতা এনামুর রহমান মনিরকে হাতুরী পেটা করে আহত করেছে প্রতিপক্ষরা। আজ শনিবার সকালে গুরুতর আহত মনিরকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। আহত মনির টিকিকাটা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও সূর্যমনি গ্রামের আনছার আলীর ছেলে।
জানা গেছে, শনিবার সকালে মনির তার চাচা মনসুর আলীকে নিয়ে মোটরসাইকেল যোগে ইট কেনার জন্য বামনা যাবার পথে বাইশকুড়া নামক স্থানে প্রতিপক্ষ ইসমাইল মেম্বার, শামীম, রাসেলসহ ৭/৮ জনের একটি দল মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে রড ও হাতুরী দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআই
